ডেঙ্গু প্রতিরোধে কেসিসি’র ক্রাশ প্রোগ্রাম: আজও নগরীতে মোবাইল কোর্টে জরিমানা আদায়
- Update Time : ০৭:৩৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৬ Time View

নগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পরিচালিত ক্রাশ প্রোগ্রামের আওতায় আজও (মঙ্গলবার) মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনার ৩য় দিনে বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন থাকায় নগরীর ২৯নং ওয়ার্ডের টিবি ক্রস রোডস্থ মো. ইয়াছিনকে ৩ হাজার টাকা এবং একই সড়কের জাহাঙ্গীর হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
উল্লেখ্য, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেসিসি পরিচালিত কর্মসূচির পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে মশার প্রজনন স্থান কিংবা মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিজ নিজ বাড়ি বা স্থাপনার মধ্যে টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজের পাশে, এসির পাশে ও সানসেটে পানি জমে আছে কিনা সেদিকে দৃষ্টি রাখাসহ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
অভিযানকালে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ কেএমপি’র পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে কেসিসি’র এ মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।






















