স্বাধীনতার ৫৪ বছর পর ইটের সোলিংপেয়ে উৎফুল্ল এলাকাবাসী, জনমনে স্বস্তি।
- Update Time : ১১:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ২৬ Time View

সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে নবনির্মিত ৪৫০ ফুট ইটের সোলিং রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু।
দীর্ঘদিন ধরে ৯ নং ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কাঁচা ও চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় গ্রামবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে পোহাতে হতো চরম ভোগান্তি। স্থানীয় সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় এই ৪৫০ ফুট রাস্তায় ইটের সোলিংয়ের কাজ সম্পন্ন হওয়ায় এলাকার দীর্ঘদিনের যোগাযোগের সমস্যার সমাধান হলো।
উদ্বোধনকালে প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু বলেন, “আটুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনগণের দুর্ভোগ লাঘবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ৪৫০ ফুট সোলিং রাস্তা নির্মাণের ফলে ৯ নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো এবং তাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত এই রাস্তাটি পাকা (ইটের সোলিং) হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
















