উত্তরখানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশুখাদ্য তৈরি: হিমালয় ফুড প্রোডাক্টসকে আড়াই লাখ টাকা জরিমানা
- প্রকাশের সময় : ১২:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 61

রাজধানীর উত্তরখান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ব্র্যান্ডের হুবহু নকল শিশুখাদ্য পণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ করার অপরাধে ‘হিমালয় ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিন ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযানে এপিবিএন-এর সহায়তায় অংশ নেন বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. শহিদুল আলম এবং পরীক্ষক (মেট্রোলজি) মো. ইলিয়াস ভুঞা ইমন। উত্তরখানের দোবাদিয়া এলাকায় অবস্থিত হিমালয় ফুড প্রোডাক্টসের শিশুখাদ্য তৈরির কারখানায় গিয়ে প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ যাচাই করা হয়।
যাচাইকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির অনুকূলে কোনো ধরনের সিএম লাইসেন্স ও মোড়কজাত লাইসেন্স নেই। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের হুবহু নকল শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল এবং কারখানায় মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখা হয়েছিল।
এই অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী ১,০০,০০০ (এক লাখ) টাকা এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকাসহ সর্বমোট ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
জনস্বাস্থ্য রক্ষার্থে ও ভেজাল রোধে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।























