তালায় কিস্তির টাকা চাইতে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- প্রকাশের সময় : ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 19

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’-এর এক মাঠকর্মীকে মারধর এবং তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাঠকর্মী তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ ও ঘটনার বিবরণ:
অভিযোগকারী মো. গিয়াস উদ্দীন (৪২) জাগরণী চক্র ফাউন্ডেশন তালা শাখার মাঠকর্মী। অভিযুক্ত সুমন সরদার (৩৬) একই গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সুমন সরদারের স্ত্রী খাদিজা বেগম (২২) গত ২৩ ফেব্রুয়ারি জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১৮ মাস মেয়াদে ৯৯ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখে ৬ হাজার ৬৩৩ টাকা করে কিস্তি পরিশোধের কথা ছিল। তবে নিয়মিত কিস্তি পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতেন বলে অভিযোগ করেন মাঠকর্মী গিয়াস উদ্দীন।
অক্টোবর মাসের কিস্তি বকেয়া থাকায় রোববার সকালে গিয়াস উদ্দীন টাকা চাইতে সুমনের বাড়িতে যান। এ সময় সুমন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি বাম হাতের বাহুতে কামড় দেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে কিস্তির টাকার জন্য গেলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযুক্তপক্ষের বক্তব্য:
তবে অভিযুক্তের স্ত্রী খাদিজা বেগম অভিযোগের ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি জানান, আগামী ৪ নভেম্বর কিস্তির টাকা দেবেন বলে জানালে মাঠকর্মী গিয়াস উদ্দীন ক্ষিপ্ত হন এবং তাঁকে অশালীন আচরণ করেন। ঘটনার সময় তাঁর স্বামী সুমন বাড়িতে ছিলেন না বলেও দাবি করেন তিনি।
কর্তৃপক্ষ ও প্রশাসনের বক্তব্য:
জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, “আমাদের কর্মীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



















