টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর মুখ-নাক থেঁতলে দেওয়ার অভিযোগ, থানায় মামলা
- প্রকাশের সময় : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 15

টাঙ্গাইল শহরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ সময় শিশুটির কান্না ও বাধা দেওয়ার কারণে ইট দিয়ে মুখ ও নাক থেঁতলে দেওয়ার অভিযোগও উঠেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ শিশুটির পরিবারের। পরে সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বখাটেকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিশুটির মা ও স্থানীয়রা।
শিশুটির মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় একটি পার্লারে কাজ করেন। বিপ্লব নামে ওই যুবক প্রায়ই পার্লারে যাতায়াত করতেন। শুক্রবার বিকেলে শিশুটি মায়ের কাছ থেকে নিচে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিপ্লব শিশুটির মায়ের কাছে তিনটি চিপস নিয়ে আসেন। মেয়ের বিষয়ে জানতে চাইলে তিনি নানা ধরনের তালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন শিশুটির মা।
পরে হাসপাতাল থেকে খবর পেয়ে তিনি জানতে পারেন, এক রিকশাচালক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। পরবর্তী সময়ে তিনি অভিযোগ করেন, বিপ্লব শিশুটিকে কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি কান্নাকাটি ও বাধা দেওয়ায় ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করা হয়।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা শিশুটির শরীরে ধর্ষণের আলামত পেয়েছেন। তার যৌনাঙ্গের পর্দা ছিঁড়ে গেছে। এ ছাড়া নাক ফেটে গেছে এবং ঠোঁটে একাধিক সেলাই দিতে হয়েছে।
এদিকে অভিযুক্ত বিপ্লবকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সামছুল আলম সরকার বলেন, সরেজমিনে শিশুটিকে দেখে এসেছি। মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।




















