চট্টগ্রামের ৪১ ওয়ার্ডের অলিগলিতে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছে চসিক
- প্রকাশের সময় : ০৫:০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 73

চট্টগ্রাম নগরীর উন্নয়ন পরিকল্পনায় প্রধান সড়কের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়ক ও অলিগলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। নগরীর কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে।
শনিবার (২১ নভেম্বর) নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চসিকের অর্থায়নে পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রশাসক জানান, বর্ষা মৌসুম শেষ হওয়ায় আগামী পাঁচ থেকে ছয় মাস নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার ও উন্নয়নকাজে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা পাড়া-মহল্লার সড়কগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নগরবাসীর দৈনন্দিন যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধন করা পাঁচটি সড়ক হলো ডি.সি. রোডের ফজলুর রহমান পাড়া (জালিয়াপাড়া) সড়ক, চাঁন্দমিয়া মুন্সি লেইনের আমীর হোসেন সড়ক ও আবেদীন সওদাগর সড়ক, মদিনা আবাসিক এলাকার আমিরুন্নেছা সড়ক এবং সবুজবাগ আবাসিক এলাকার মনোআরা ভবনসংলগ্ন সড়ক।
উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, গত দুই বছরে নগরীর সড়ক, অবকাঠামো, নালা ও ড্রেন নির্মাণ এবং সংস্কারসহ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের পরিমাণও উল্লেখযোগ্য। কোথাও ১২৫ থেকে ১৫০ কোটি টাকা, আবার কোনো কোনো এলাকায় ২২৫ থেকে ২৫০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ইতোমধ্যে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নগরীর অনেক এলাকার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। এসব সড়ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমানোই সিটি কর্পোরেশনের অন্যতম লক্ষ্য। উন্নয়নের সুফল যেন নগরীর প্রতিটি পাড়া-মহল্লার মানুষ পায়, সে বিষয়টি বিবেচনায় রেখেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সড়ক নির্মাণে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্পে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কাজের মান পর্যবেক্ষণে এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে। স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করা কঠিন।
নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে তিনি আরও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও পলিথিন ফেলা থেকে নাগরিকদের বিরত থাকতে হবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় প্রয়োজন অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের প্রত্যাশা পূরণে কাজ করবে সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও শাফকাত আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



























