ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাস্তা যেন মরণফাঁদ, টেকসই সংস্কারের দাবি
- প্রকাশের সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 34

ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাস্তা যেন মরণফাঁদ, টেকসই সংস্কারের দাবি
মোঃ:শফিউল আলম রাশেদ। ঝালকাঠি জেলা প্রতিনিধি:
১৫ নভেম্বর ২৬ রবিবার ১৯০৯ সালে প্রতিষ্ঠিত দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝালকাঠি সরকারি বালক উচ্চ। বিদ্যালয়। শতবর্ষ পেরোনো এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি দেশের প্রশাসন, সামরিক ও আধা-সামরিক বাহিনীসহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অসংখ্য কৃতি সন্তান উপহার দিয়েছে। অথচ এমন একটি গৌরবময় প্রতিষ্ঠানের প্রবেশপথের রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় অভিমুখী রাস্তাটির পিচ ও ইট উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের পায়ে হেঁটে চলাচল করাই এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি তলিয়ে গিয়ে হাঁটুসমান কাদাপানি ও স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত করার পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
ঐতিহ্য ও বাস্তবতার বৈপরীত্য: ১১৭ বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় পদে কর্মরত থাকলেও, প্রতিষ্ঠানের নিজস্ব যাতায়াত ব্যবস্থার এই দৈন্যদশা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
শিক্ষার্থীদের চরম দুর্ভোগ: প্রভাতী ও দিবা শাখার প্রায় দেড় হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের প্রতিদিন কাদাপানি ও ভাঙাচোরা পথ মাড়িয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে।
জরুরি সরকারি হস্তক্ষেপ: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর জোর দাবি—সাময়িক কোনো জোড়াতালি নয়,বরং আধুনিক ড্রেনেজ ব্যবষ্টাসহ একটি টেকসই ও মজবুত রাস্তা নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।
























