তালায় ৫ লাখ টাকা পুরস্কারের ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
- প্রকাশের সময় : ০৬:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 33

মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় ৫ লাখ টাকা পুরস্কারের ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রাম কপোতাক্ষ ফুটবল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু। সহকারী শিক্ষক ও সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার কমিটির সভাপতি অলিউর রহমানের প্রাণবন্ত ধারাভাষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাজন্দি ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজ, পরিচালক সিকদার রাসেল, প্রভাষক হাফেজ আজিজুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান নিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ডাক্তার আব্দুল হামিদ, মাগুরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ কামাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সাকিব, সাংবাদিক আসাদুজ্জামান রাজু, জামায়াত নেতা মিলন গোলদারসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কেশবপুর জাগ্রত যুগসংঘ ফুটবল একাডেমি ও ইলেভেন স্টার ঢাকা ফুটবল একাডেমি। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারে ১-০ গোলে কেশবপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে জয় তুলে নেয় ইলেভেন স্টার ঢাকা ফুটবল একাডেমি।
খেলাটি উপভোগ করতে মাঠে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়দের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচটি ছিল বেশ উপভোগ্য।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। ৫ লাখ টাকা পুরস্কারের এ প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করবে।
তারা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও উৎসাহী হবে এবং এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।


























