মেহেরপুর হাসপাতালে চিকিৎসক লাঞ্ছনায় মানব বন্ধনে প্রতিবাদ; কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রকাশের সময় : ০৭:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 25

মেহেরপুর হাসপাতালে চিকিৎসক লাঞ্ছনা, মানববন্ধনে প্রতিবাদ; কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
অন্যান্যজাতীয়ফিচারমেহেরপুর সদরসারাদেশ
মেহেরপুর হাসপাতালে চিকিৎসক লাঞ্ছনা, মানববন্ধনে প্রতিবাদ; কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
নভেম্বর ২৮, ২০২৬
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবুল কাশেম। এতে বক্তব্য দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুর রহমান ও ডা. বেলাল হোসেন, বিএমএ মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালাম, ডা. সউদ কবীরসহ কর্মরত চিকিৎসক ও কর্মকর্তারা।
বক্তারা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় একজন চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ন্যক্কারজনক। এ ধরনের প্রতিকূল পরিবেশ চিকিৎসকদের স্বাভাবিকভাবে চিকিৎসাসেবা প্রদানে বাধা সৃষ্টি করে।
এদিকে, শনিবার বিএমএ মেহেরপুর জেলা শাখার দপ্তর সম্পাদক ডা. মনিরুল কবির শাওন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে জেলা চিকিৎসক সমাজের পক্ষ থেকে গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানানো হয়েছে। প্রতিবাদ লিপিতে বিএমএ জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল ইসলাম পলাশ-সহ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে চিকিৎসক সমাজকে কোনো কঠোর কর্মসূচি বা কঠিন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করবেন না।
প্রতিবাদ লিপিতে আরও উল্লেখ করা হয়, মেহেরপুর জেনারেল হাসপাতালে অনুমোদিত পদের তুলনায় চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ শ্রম দিয়ে নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু বিগত সময়েও রোগীর স্বজনদের একাংশের ধৈর্যচ্যুতির কারণে হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই চিকিৎসাসেবা নিতে আসা সর্বসাধারণকে হাসপাতালে ধৈর্য ধারণ করার এবং কোনো জরুরি প্রয়োজনে অযথা উত্তেজিত না হয়ে যথাযথ প্রক্রিয়ায় কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় এক রোগীকে আইসিইউতে ভর্তি ও শয্যা বরাদ্দকে কেন্দ্র করে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান রকিবুল হাসান রিপন। এ সময় তিনি চিকিৎসককে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় চিকিৎসকরা কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
























