পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন কেসিস প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
- প্রকাশের সময় : ১০:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 31

:
খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসায় পবিত্র কুরআনুল কারীমের ছবক, খতম ও বিদায়ী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসা ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, “প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছে। নবীর আদর্শ ধারণ করে এই শিক্ষার্থীরাই আগামীতে সমাজের নেতৃত্ব দেবে।” তিনি মাদরাসার সার্বিক উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে নূরানী দ্বিতীয় শ্রেণির ৭০ জন শিক্ষার্থীকে ছবক প্রদান, তৃতীয় শ্রেণির ৭৩ জন শিক্ষার্থীর কুরআন খতম সম্পন্ন এবং পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি নূরানী তালিমুল কুরআন বোর্ড, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় দেশসেরা সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি হাফেজ আব্দুল্লাহ মোড়ল খোকনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছবক প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ। অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























