পাওনা ৪ লাখ টাকা আনতে গিয়ে কুলাউড়ায় যুবক নিখোঁজ, দেনাদারও লাপাত্তা
- Update Time : ০৪:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৪৮ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা ৪ লাখ টাকা আনতে গিয়ে আইনুল ইসলাম (৩৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার পর থেকে টাকা পাওনা থাকা খলিলুর রহমান নামের ব্যক্তিও পলাতক রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
নিখোঁজ আইনুল ইসলাম উপজেলার কাকিচার গ্রামের মৃত ছত্তার মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট (রোববার) রাত আনুমানিক ৮টার দিকে খলিলুর রহমানের কাছ থেকে পাওনা ৪ লাখ টাকা আনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আইনুল। এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। ঘটনার পর থেকে দেনাদার খলিলুর রহমানেরও খোঁজ মিলছে না এবং তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
জিডির বিবরণ অনুযায়ী, নিখোঁজ আইনুল ইসলামের উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের ফতুয়া ও প্যান্ট।
আইনুল ইসলামের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা চেয়েছে পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে ০১৭১৫৩৩৬২৭২ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানা পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি তালিকাভুক্ত করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।























