টাঙ্গাইলের মির্জাপুরে অতিবৃষ্টিতে ধল্যা-ছাওয়ালি সড়ক বিধ্বস্ত: চরম দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ
- Update Time : ১২:০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৩৩ Time View

খন্দকার রাজিউল মাতীন ধ্রুব।
মির্জাপুর উপজেলা প্রতিনিধি, টাঙ্গাইল।
ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের সাথে সংযোগ স্থাপনকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ধল্যা-ছাওয়ালি আঞ্চলিক সড়কটি টানা অতিবৃষ্টির কারণে ভেঙে গিয়ে এক মরণফাঁদে পরিণত হয়েছে। কয়েকদিনের ভারী বর্ষণে সড়কের বানিয়ারা গ্রামের অন্তর্ভুক্ত একটি বড় অংশ ধসে পার্শ্ববর্তী খাদে বিলীন হয়ে গেছে। এর ফলে মির্জাপুর ও বাসাইল উপজেলার কয়েকটি ইউনিয়নের শত শত মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচ এবং নিচের ইট-খোয়া ধসে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার নিচের মাটি পুরোপুরি সরে যাওয়ায় অবশিষ্ট অংশটুকুও ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় পথচারী ও চালকেরা।
তিন ইউনিয়নের মানুষের চরম ভোগান্তি
এই সড়কটি মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের বানিয়ারা ও কড়াইল এবং পার্শ্ববর্তী মহেড়া ও ফতেপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। সড়কটি মহেড়া হয়ে সরাসরি বাসাইল উপজেলা পর্যন্ত বিস্তৃত থাকায় প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন যানবাহন এই রুটে যাতায়াত করে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাথে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ মাধ্যমটি ভেঙে পড়ায় বর্তমানে সব ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য আনা-নেওয়া করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
দ্রুত সংস্কারের দাবি।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়বে। যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে স্থানীয় প্রশাসন ও এলজিইডি (LGED)-কে জরুরি ভিত্তিতে এই ধসে যাওয়া রাস্তাটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।



















