কুড়িগ্রামে রেডক্রিসেন্টের নতুন কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত।
- প্রকাশের সময় : ০৪:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 10

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে কুড়িগ্রাম শহরের দাদা মোড় এলাকায় রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।
বক্তারা বলেন, কুড়িগ্রাম একটি নদীমাতৃক ও দুর্যোগপ্রবণ জেলা। বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এ জেলার মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে চরাঞ্চলের প্রান্তিক মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে রেডক্রিসেন্ট সোসাইটি আন্তরিকভাবে কাজ করবে।
তারা আরও বলেন, মানবিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কুড়িগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে নবনির্বাচিত কমিটি।
সভায় বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সহসভাপতি শামসুল ইসলাম মন্ডল এবং সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জহুরুল আলম, কফিল উদ্দিন, হাসান যোবায়ের হিমেল, ইকবাল হোসেন চাঁদ, রেশমা সুলতানা ও হেদায়েত হোসেন এলিচ। এ সময় যুব রেডক্রিসেন্টের সদস্য ইকবাল রাব্বিও বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যালয়ের অফিস কর্মকর্তা বায়োজিদ হোসেন। সভায় রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



















