ডেঙ্গুতে যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া
- Update Time : ০৯:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১৫ Time View

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিবা সাহা (২১) মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) রাত পৌনে ১০টায় ঢাকার ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও সহপাঠী সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট অসুস্থ হয়ে পড়লে আদিবাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৬ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় দুটি হাসপাতালে টানা আট দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
আদিবার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও সহপাঠীরা তাকে স্মরণ করে আবেগঘন বার্তা প্রকাশ করেন।
এ বিষয়ে সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম বলেন, “আমাদের ১ম বর্ষের শিক্ষার্থী আদিবা সাহা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার চিকিৎসায় রক্ত দিয়ে এবং আর্থিকভাবে যারা পাশে দাঁড়িয়েছিলেন, সিডিএম পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আদিবার এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী মো. সজীব সরকার বলেন, “আদিবার এই মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। মাত্র ২১ বছর বয়সে সে এভাবে চলে যাবে, তা মেনে নেওয়া কঠিন। সে ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
এদিকে আদিবা সাহার অকাল মৃত্যুতে যবিপ্রবির সিডিএম বিভাগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানানো হয়েছে।

























