ভূরুঙ্গামারীতে পর্যাপ্ত সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ, ডিলারের ঘর ভাঙচুর করে সার নিয়ে গেলেন কৃষকেরা
- Update Time : ০২:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৬৩ Time View

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শীলখুড়ি ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণ সার না পেয়ে বিক্ষোভ করেছেন কৃষকেরা। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা সার ডিলারের ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সার নিতে শীলখুড়ি ইউনিয়নের ডিলার পয়েন্টে প্রায় এক থেকে দেড় হাজার কৃষক জড়ো হন। তবে সেখানে কৃষকদের তুলনায় সার মজুত ছিল অনেক কম—প্রায় দুই থেকে তিনশ বস্তা বলে জানা গেছে।
পর্যাপ্ত সার না পেয়ে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কৃষকেরা সার চাইলেও চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধ কৃষকেরা ডিলারের ঘরে ভাঙচুর চালান এবং সেখান থেকে সার নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
কৃষকদের দাবি, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত সার না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ এবং সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সার ডিলার ও উপজেলা কৃষি বিভাগের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।























