শ্রীমঙ্গলে কিশোরী অপহরণ ও গণধর্ষণ: ১২ ঘণ্টার সফল অভিযানে গ্রেফতার ৩
- Update Time : ০৭:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আজ ৩০ সেপ্টেম্বর মামলা দায়েরের পর মাত্র ১২ ঘণ্টার মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীকে ফাঁদে ফেলে অপহরণের পর নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে শ্রীমঙ্গল থানা পুলিশ তৎক্ষণাৎ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করে।
মামলা রুজু হওয়ার পর পরই শ্রীমঙ্গল থানার একটি বিশেষ পুলিশ দল আসামীদের সনাক্তকরণ ও গ্রেফতারে অভিযানে নামে। আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মাথায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করি। মাত্র ১২ ঘণ্টার মধ্যে জড়িত তিন আসামীকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় এলাকার সচেতন মহল ও ভুক্তভোগীর পরিবার পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।









