কালুরঘাট সেতুর পিলারে ক্ষয়, ঝুঁকি ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ
- প্রকাশের সময় : ০৯:২৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 56

কর্ণফুলীর স্রোতে সরে যাচ্ছে পিলারের তলার মাটি, এক কিলোমিটারের মধ্যে অবাধে বালু উত্তোলনের অভিযোগ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর নির্মিত প্রায় শতবর্ষী কালুরঘাট সেতুর কয়েকটি পিলারের গোড়ায় মাটি ক্ষয়ে যাওয়ায় নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশের সুরক্ষায় সেতুর পিলারের চারপাশে জিওব্যাগে ভর্তি বালুর বস্তা ফেলার কাজ শুরু করেছে রেলওয়ে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের দাবি, নদীর প্রবল স্রোত ও জোয়ার-ভাটার প্রভাবে পিলারের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সমীক্ষা ও বিশেষজ্ঞ দলের সুপারিশের ভিত্তিতে সেতুর পিলারগুলোর ঝুঁকিপূর্ণ অংশে জিওব্যাগ স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় এক মাস ধরে এ কার্যক্রম চলছে। সেতুর দুই পাশে নোঙর করা দুটি বড় নৌযান থেকে শ্রমিকেরা বালুভর্তি বস্তা পিলারের গোড়ায় ফেলছেন। প্রতিদিন অর্ধশতাধিক শ্রমিক এ কাজে নিয়োজিত রয়েছেন।
রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম জানান, নদীর স্রোতের কারণে সেতুর মাঝামাঝি কয়েকটি পিলারের নিচ থেকে মাটি সরে গেছে। ক্ষতিগ্রস্ত স্থানগুলো সুরক্ষিত করতে জিওব্যাগ ফেলা হচ্ছে। সেতুকে ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর মতে, সেতুর আশপাশে বালু উত্তোলনও মাটি ক্ষয়ের অন্যতম কারণ হতে পারে।
রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন জানান, বুয়েটের সমীক্ষায় কয়েকটি পিয়ারের গোড়ায় মাটি ক্ষয়ের বিষয়টি উঠে এসেছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যেসব স্থানে পিলারের তলদেশ থেকে মাটি সরে গেছে, সেখানে জিওব্যাগ ফেলার কাজ চলছে।
এদিকে সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে এর আশপাশে দীর্ঘদিন ধরে চলা বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, সেতুর দুই পাশ থেকে ড্রেজার দিয়ে দিন-রাত বালু তোলা হচ্ছে। বড় বড় বালুবাহী নৌযানে করে এসব বালু বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। সেতুর কাছাকাছি এলাকা থেকেও নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দিনের পাশাপাশি রাতেও সেতুর পিলারের আশপাশ থেকে বালু উত্তোলন করা হয়। তবে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট সরকারি সংস্থার দৃশ্যমান তৎপরতা তাঁরা দেখেননি বলে দাবি করেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, ব্যারেজ, সড়ক, মহাসড়ক, রেললাইনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। ফলে কালুরঘাট সেতুর আশপাশে বালু উত্তোলনের অভিযোগ সত্য হলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
রেলওয়ে সূত্রে আরও জানা যায়, কালুরঘাট সেতুর কাঠামোগত মূল্যায়নে একাধিক ত্রুটি চিহ্নিত করেছে বুয়েট। দীর্ঘদিনের ব্যবহারে সেতুর ইস্পাতের বিভিন্ন অংশে মরিচা ও ক্ষয় সৃষ্টি হয়েছে। ডেক স্ল্যাবে পানি জমে থাকা এবং সড়কে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে স্টিল গার্ডার, স্ট্রিংগার ও ক্রস-বিমেও ক্ষয় দেখা দিয়েছে। পাশাপাশি নদীর তীব্র স্রোতে কয়েকটি পিয়ারের গোড়ায় স্কাওরিং বা তলদেশের মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
১৯৩০ সালে নির্মিত ৬৩৮ দশমিক ৫ মিটার দীর্ঘ কালুরঘাট সেতুটি ১৯৬২ সালে সড়ক যান চলাচলের উপযোগী করা হয়। দীর্ঘ ৯৬ বছরের ব্যবহারে সেতুটি বর্তমানে অনেকটাই পুরোনো ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে সংস্কার করে এটি সচল রাখা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে দোহাজারী-কক্সবাজার রেলপথ চালুর আগে বুয়েটের পুরকৌশল বিভাগের পরামর্শে সেতুটির বড় ধরনের সংস্কার ও কারিগরি মূল্যায়ন করা হয়।
বর্তমানে সেতুটি দিয়ে প্রতিদিন তিন জোড়া ট্রেন চলাচল করছে। পাশাপাশি শত শত ছোট ও মাঝারি যানবাহনও চলাচল করে। এমন অবস্থায় পিলারের গোড়ায় মাটি ক্ষয়ের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের অভিযোগ নতুন করে সেতুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয়দের দাবি, শুধু জিওব্যাগ ফেলে সাময়িক সুরক্ষা নয়, সেতুর আশপাশে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দীর্ঘদিনের পুরোনো এই সেতুর স্থায়িত্ব ও নিরাপদ চলাচল আরও ঝুঁকির মুখে পড়তে পারে।























