ভূলী উপজেলায় বসতবাড়িতে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল দেড় লাখ টাকার সম্পদ
- প্রকাশের সময় : ০৬:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 41

পঞ্চগড়ের ভূলী উপজেলার মুন্সিরহাট এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাড়ির মূল্যবান মালামাল।
জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বোদা ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর রায়হান ইসলামের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১৫ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে প্রায় দেড় লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। ফায়ার সার্ভিসের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


























