জলঢাকায় পপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি গাছের চারা বিতরণ
- প্রকাশের সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 30

নীলফামারীর জলঢাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা পপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন জাতের ৭৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার ছিট মীরগঞ্জ শালনগ্রাম বহুমুখী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই চারা বিতরণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী পপি এনজিও’র ‘বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬’ এর আওতায় এ আয়োজন করা হয়। ‘পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শীর্ষক এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন পপি’র রংপুর রিজিওনের কর্মসূচি ব্যবস্থাপক এ কে এম মাজহারুল হক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিট মীরগঞ্জ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজীউর রহমান, বালাগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু জাফর মো. ছালেহ্, সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ মুছাব্বিহান এবং বিশিষ্ট ব্যবসায়ী এবিএম মোসফেকুর রহমান দুলাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন পপি’র জলঢাকা জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক শাহাদৎ হোসেন, বগুলাগাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, গাবরুল শাখার শাখা ব্যবস্থাপক আলামিন সরকার, জলঢাকা শাখার শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র রায় এবং রংপুর রিজিওনের আইটি অফিসার রাজু ইসলাম।
চারা বিতরণের আগে অতিথিরা মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ করেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আঙিনায় চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচিতে কামিল মাদ্রাসার পাশাপাশি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয় এবং চারা সংগ্রহ করে। শেষে অতিথি ও শিক্ষার্থীরা ব্যানার ও গাছের চারা হাতে ফটোসেশনে অংশ নেন।


























