গবেষণার প্রযুক্তি এবার কৃষকের মাঠে, শ্রীপুরে গাকৃবির ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন
- প্রকাশের সময় : ০৬:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 12

কৃষি গবেষণার সুফল সরাসরি কৃষকের কাছে পৌঁছে দিতে গাজীপুরের শ্রীপুরে ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ উপলক্ষে বৃক্ষরোপণ ও ৮০০টি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার বেদনী ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। তাঁরা যৌথভাবে ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির বেশি কৃষিপ্রযুক্তি ও ৯৭টি উন্নত ফসলের জাত মাঠপর্যায়ে প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে বেদনী ভাঙ্গাকে একটি আদর্শ কৃষিনির্ভর গ্রাম হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও উন্নত ফসলের জাতের প্রকৃত সার্থকতা তখনই আসবে, যখন তা কৃষকের মাঠে পৌঁছাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের কৃষিকে আরও সমৃদ্ধ ও উৎপাদনশীল করতে আধুনিক, বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার বিকল্প নেই। গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার করে এর সুফল পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



























