কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
- প্রকাশের সময় : ০৪:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 31

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
এ সময় জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী মেলায় মোট ২৮টি প্রদর্শনী স্টল স্থান পেয়েছে। এসব স্টলে উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস, পোষা পাখি এবং উন্নত জাতের কুকুর ও বিড়ালসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
এ ছাড়া মেলায় দুম্বা, দেশি ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শনী দর্শনার্থী ও খামারিদের বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। মেলার মাধ্যমে আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, উন্নত জাতের পশু পালন এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষ ও খামারিরা ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।


























