কুড়িগ্রামে দক্ষ সেচ ব্যবস্থাপনার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 45

কুড়িগ্রামে দক্ষ সেচ ব্যবস্থাপনার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রামে পানি ব্যবহারকারী কৃষক গ্রুপের অংশগ্রহণে দক্ষ সেচ ব্যবস্থাপনার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
প্রধান আলোচকের বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দক্ষ সেচ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষিতে পানির সঠিক ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে। সেচের পানির অপচয় রোধ করে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন উৎপাদন খরচ কমবে, অন্যদিকে ফসলের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, দক্ষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে মাটির উর্বরতা বজায় রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এ জন্য কৃষিতে আধুনিক ও পরিবেশবান্ধব সেচ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কৃষকদের সচেতন ও দক্ষ করে তুলতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে দক্ষ সেচ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল, পানির সাশ্রয়ী ব্যবহার, সেচের পানির অপচয় রোধ, উৎপাদন খরচ হ্রাস, ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি এবং মাটি ও পরিবেশের সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


























