হামলার অভিযোগে উত্তেজনা, আইনগত ব্যবস্থা চেয়েছে ভুক্তভোগী পরিবার
- Update Time : ০৬:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১৩ Time View

বান্দরবানের লামা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেরাখোলা এলাকায় পূর্বের বিরোধকে কেন্দ্র করে এক কিশোরকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আহত কিশোর হাফেজ মো. ইমন (১৫) বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে মেরাখোলা এলাকার বার আউলিয়া দরগাহ সংলগ্ন মাতামুহুরী নদীর বালুচরে এ ঘটনা ঘটে। আহত ইমনের বাবা মো. আইয়ুব অভিযোগ করেন, প্রায় এক সপ্তাহ আগে তার ছেলের সঙ্গে স্থানীয় কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় সর্দারের কাছে জানানো হলে অভিযুক্তদের সতর্ক করা হয়েছিল।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন অভিযুক্তরা ইমনকে ফুটবল খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি, কিল-ঘুষি ও লাথি দিয়ে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা করলে ইমনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত ইমনকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ইমনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।









