ঈশ্বরদীতে বোনের ছবি মুঠোফোন থেকে সরাতে বলায় তরুণকে কু/পি/য়ে জ/খ/ম
- প্রকাশের সময় : ০৯:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 27

পাবনার ঈশ্বরদীতে বোনের ছবি মুঠোফোনের স্ক্রিন থেকে সরিয়ে নেওয়ার অনুরোধের জেরে নওশাদ আলিম পাপ্পু (২৭) নামের এক তরুণকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী শহরের ফাতেমোহাম্মদপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নওশাদ আলিম পাপ্পু ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল আশরাফীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সহপাঠীর মুঠোফোনের স্ক্রিনে বেশ কিছুদিন ধরে ওই স্কুলছাত্রীর ছবি রাখা ছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। ছবিটি সরিয়ে নেওয়ার জন্য সহপাঠীর পরিবারকে অনুরোধ করেছিলেন নওশাদ ও তাঁর স্বজনেরা।
অভিযোগ রয়েছে, এই বিরোধের জেরে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার পথে ফাতেমোহাম্মদপুর এলাকায় নওশাদের পথরোধ করেন সহপাঠীর বড় ভাই আমান হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে নওশাদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নওশাদের বাবা সাবেক কাউন্সিলর কামাল আশরাফী বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছিল। এর আগেই আমান হোসেনের নেতৃত্বে কয়েকজন আমার ছেলেকে কুপিয়ে জখম করেছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়; তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

























