গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৪:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 30

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর এলাকার আকাশ মার্কেট থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।
গাছা থানা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের নির্দেশনায় শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল কলমেশ্বর এলাকার আকাশ মার্কেটে অভিযান পরিচালনা করে।
এ সময় একটি ভাড়া বাসা থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আলী হোসেন ওরফে রাজব (৪৮) এবং তাঁর স্ত্রী মোছা. সাবিনা বেগম (৩৮)।
পুলিশের প্রাথমিক অনুসন্ধান ও স্থানীয় সূত্রের বরাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: গাছা থানা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।






















