রংপুরে ‘বাংলাদেশ মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন’-এর পীরগঞ্জ থানা শাখার শুভ উদ্বোধন
- প্রকাশের সময় : ০৬:৩৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 68

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জে অরাজনৈতিক শ্রমিক সংগঠন ‘বাংলাদেশ মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন’-এর পীরগঞ্জ থানা শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৬) বিকেল ৩টায় পীরগঞ্জ থানা এলাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই শাখা কমিটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমরান হোসেন সোহাগ। পীরগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে এবং রংপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাকিন মিয়ার উপস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ রিপন হাসান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমরান হোসেন সোহাগ মোটরযান চালক ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চালক ভাইদের যেকোনো বিপদে এই সংগঠন সবসময় ঢাল হয়ে পাশে থাকবে।” এ সময় তিনি ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানে উপস্থিত শ্রমিক ও নেতাকর্মীদের উজ্জীবিত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ রিপন হাসান বলেন, “পীরগঞ্জ থানা শাখা গঠনের মধ্য দিয়ে রংপুর জেলায় আমাদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হলো। আশা করি, নবগঠিত কমিটি শ্রমিকদের কল্যাণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।”
আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুর রহমান নতুন কমিটির সাফল্য কামনা করে বলেন, “মোটরযান চালক ও শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। তাদের যেকোনো ন্যায্য দাবি ও কল্যাণমূলক কাজে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে পীরগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, পীরগঞ্জের সকল শ্রমিক ভাইদের সাথে নিয়ে আমরা তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”
বক্তব্যে প্রধান অতিথি পীরগঞ্জ থানা কমিটি গঠনে অক্লান্ত পরিশ্রমের জন্য রংপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং নবগঠিত পীরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল রহমান (রুবেল) ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাইদুল ইসলামসহ মিঠাপুকুর ও বালারহাট থেকে আগত নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবগঠিত পীরগঞ্জ থানা কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মোটরযান চালক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























