উখিয়ার ইনানীতে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের কার্যক্রম শুরু, আনা হয়েছে ভারী যন্ত্রপাতি
- প্রকাশের সময় : ০৯:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 18

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার ঘটনাকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
গ্যাসের প্রকৃত মজুত ও উত্তোলনের সম্ভাবনা যাচাই করতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) কারিগরি কার্যক্রম শুরু করেছে।
এ লক্ষ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছে ভারী যন্ত্রপাতি, পাইপ ও প্রয়োজনীয় সরঞ্জাম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় লরি ও ক্রেনের মাধ্যমে এসব যন্ত্রপাতি নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ নিয়ন্ত্রণ এবং ভূগর্ভে গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
জানা গেছে, গত ২৭ অক্টোবর ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে প্রায় এক হাজার ফুট গভীরে খননের পর ভূগর্ভ থেকে হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে নির্গত গ্যাসে আগুন ধরে যায়।
এরপর থেকে টানা গ্যাস বের হওয়া ও আগুন জ্বলতে থাকার ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাসের চাপ ও প্রবাহ পর্যবেক্ষণ করে।
প্রাথমিক পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে ভূগর্ভে কী পরিমাণ গ্যাস রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, প্রথমে নিরাপদ উপায়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনতে হবে।
এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ভূতাত্ত্বিক অনুসন্ধান ও সিসমিক জরিপের মাধ্যমে গ্যাসের প্রকৃত মজুত এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা নির্ধারণ করা সম্ভব হবে।
এদিকে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইনানীতে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত পাওয়া গেলে তা দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
একই সঙ্গে কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়ন ও স্থানীয় কর্মসংস্থানের নতুন সম্ভাবনাও সৃষ্টি হতে পারে।

























