ময়মনসিংহ শহরে ভারতীয় মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 44

ময়মনসিংহ নগরীর কে বি ইসমাইল রোড এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় তরল মাদক (FAIRDYL) সহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়ার নেতৃত্বে এসআই আজগর ও সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহের তারাকান্দা থানার ভালকী গ্রামের শামসুল হকের ছেলে শামীম হোসাইন (২৮), মৃত আব্দুল বরুর ছেলে ছোট্ট আবু (৪৭) এবং আনিরুল ইসলামের ছেলে আল মাসুদ (৩৯)। অভিযানে তাদের হেফাজত থেকে ১০০ মিলিলিটারের ১৪ বোতল ভারতীয় নিষিদ্ধ তরল মাদক ‘ফেয়ারডিল’ (FAIRDYL) জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

























