রাজবাড়ীতে পোস্ট অফিসের দেড় কোটি টাকা আত্মসাৎ, ৭ আসামি কারাগারে
- প্রকাশের সময় : ০৯:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 18

রাজবাড়ী প্রধান ডাকঘরের ১০৪ জন গ্রাহকের দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আত্মসাৎকৃত টাকা ফেরত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে সঞ্চয়ী আমানত রাখতে গিয়ে ১০৪ জন গ্রাহক প্রতারণার শিকার হন। তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ অন্যদের যোগসাজশে লেটার রাইটার শিহাব গ্রাহকদের সাদা স্লিপ দিয়ে টাকা গ্রহণ করলেও তা ডাকঘরের সরকারি কোষাগারে জমা দেননি। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে গত ৩০ জুলাই ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে সংশ্লিষ্ট ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম লাভলু জানান, মামলার এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে সাতজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক বাকি ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
























