চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক পার্বতীপুরে আটক, মালামালসহ পুলিশের হেফাজতে ৩০০ বস্তা গোখাদ্য অস্বাভাবিক কম দামে বিক্রির প্রস্তাব, পালিয়ে যায় চালক ও হেলপার
- প্রকাশের সময় : ০৮:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 13

ময়মনসিংহের ভালুকা থেকে চট্টগ্রামগামী ৩০০ বস্তা গোখাদ্য (ফিড) বোঝাই একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে বিক্রির চেষ্টার অভিযোগে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। বর্তমানে ট্রাকসহ মালামাল পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলা গেটসংলগ্ন পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১২-০৩১০।
জানা গেছে, ‘সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’-এর ময়মনসিংহের ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড নিয়ে ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি পার্বতীপুরে নিয়ে আসা হয়। পরে স্থানীয় ফিড ব্যবসাপ্রতিষ্ঠান ‘অর্পিতা ট্রেডার্স’-এর কাছে মালামাল বিক্রির প্রস্তাব দেওয়া হয়।
এ সময় অস্বাভাবিক কম দামে ফিড বিক্রির প্রস্তাব ও চালক-হেলপারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ী বিষয়টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জানান। পরে কোম্পানি কর্তৃপক্ষ পার্বতীপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ ৩০০ বস্তা ফিড উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।
সুগুনা ফুড অ্যান্ড ফিডসের টেরিটরি ইনচার্জ তৌহিদুল হাসান জানান, ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড নিয়ে ট্রাকটির চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি পার্বতীপুরে চলে আসে। বিষয়টি জানার পর কোম্পানির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেরাই বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করছে বলে তিনি শুনেছেন। অভিযোগ বা মামলা না হলে পুলিশের আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।
অন্যদিকে, একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি আপস-মীমাংসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে কীভাবে এবং কী শর্তে বিষয়টির নিষ্পত্তি হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকসহ ৩০০ বস্তা ফিড পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে ছিল।



















