সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন: ঈদগাঁওয়ে ৩ ড্রেজার জব্দ, ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৭:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 21

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৩টি ড্রেজার মেশিন জব্দ, উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযুক্ত আরেকজনের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সোমবার (১ সেপ্টেম্বর) দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, চট্টগ্রামভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম সিটিজি পোস্ট-এ ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা প্রশাসন এ পদক্ষেপ নেয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন সূত্র ও গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রথমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ঈদগাঁও নাসি খালে অভিযান চালানো হয়। সেখানে অবৈধ বালু উত্তোলনে জড়িত হুমায়ুন করিম সিকদার নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি ড্রেজার মেশিন জব্দ ও আনুষঙ্গিক সরঞ্জাম নষ্ট করা হয়।
পরবর্তীতে ঈদগাঁও নদীর হাইস্কুল পয়েন্টের বিপরীত পাশে দ্বিতীয় দফা অভিযান চালায় আভিযানিক দল। সেখান থেকে আরও একটি ড্রেজার মেশিন জব্দ ও সরঞ্জাম ধ্বংস করা হয়। তবে অভিযানের টের পেয়ে জড়িতরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সর্বশেষ তৃতীয় দফায় জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়ায় ঈদগাঁও নদীর তীরে অভিযান পরিচালিত হয়। সেখান থেকে একটি বসতভিটায় অবৈধভাবে ভরাট করা বিপুল পরিমাণ বালু ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
অভিযান চলাকালে বালু উত্তোলনে অভিযুক্ত ঈদগাঁও রাবার ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্টো পালিয়ে যান। পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁকে ২ লাখ টাকা জরিমানের আদেশ দেন ইউএনও। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর ও উপজেলা যুবদলের সভাপতি কামাল হোসেন (এমইউপি) উপস্থিত হয়ে পলাতক ছুট্টোকে উপজেলা কার্যালয়ে হাজির করার প্রতিশ্রুতি দেন।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানের বিষয়ে ইউএনও মংচিংনু মারমা বলেন, “তিন দফায় পরিচালিত অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পলাতক আরেকজনের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানের ঘোষণা দেওয়া হয়েছে। ৩টি ড্রেজার মেশিন জব্দ ও বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালুমহালের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।”
প্রভাবশালীদের ছায়ায় বেপরোয়া বালুখেকোরা:
স্থানীয়দের অভিযোগে জানা গেছে, ঈদগাঁও রাবার ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আয়াত উল্লাহ ছুট্টো ও একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের নাম ভাঙিয়ে কোনো ইজারা ছাড়াই ঈদগাঁও নদী ও নাসি খাল থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল। এতে নদীর দুই পাড়ের বসতি ও তীর রক্ষা বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়ে। পূর্বে লোকদেখানো কিছু অভিযান হলেও কার্যকর পদক্ষেপ না থাকায় তারা দিন দিন বেপরোয়া হয়ে ওঠে।
গত ৩১ আগস্ট সংবাদমাধ্যমে এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
























