শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
- প্রকাশের সময় : ১০:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 29

যশোরের শার্শা উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান। উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার কারণে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে। বিশেষ করে মাছের পোনা ও প্রজননক্ষম মাছ আটকা পড়ায় মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হয়। ফলে নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের প্রাচুর্য কমে যাওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে।
মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংসের মাধ্যমে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশীয় মাছের প্রজননক্ষেত্র, জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
























