হিজলায় পৈতৃক জমি দখল নিয়ে বিরোধ: ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম, থানায় মামলা
- প্রকাশের সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 30

হিজলা (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় পৈতৃক জমি দখল ও সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝিকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝির সঙ্গে প্রতিপক্ষের লোকজনের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে গেলে প্রতিপক্ষের একদল লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ (মামলা) দায়ের করা হয়েছে।
হিজলা থানা পুলিশ জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


























