প্রযুক্তির যুগেও টিকে আছে ঘটকালি, উল্লাপাড়ায় চায়ের আড্ডায় বিয়ের সমীকরণ
- প্রকাশের সময় : ০৬:৫২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 40

প্রতিনিধিঃ আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে মানুষের জীবনযাত্রা। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়তেও এখন জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাট্রিমোনিয়াল সাইট ও অনলাইন মাধ্যম। তবে প্রযুক্তির এই দাপটের মধ্যেও হারিয়ে যায়নি মাটির গন্ধমাখা চিরচেনা ঘটকালি পেশা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিদিন বিকেলে চায়ের টেবিল ঘিরে বসে পেশাদার ঘটকদের এক ব্যতিক্রমী আড্ডা। যেখানে আনুষ্ঠানিক কোনো কমিটি নেই, নেই নির্দিষ্ট পদ-পদবি। অথচ এই আড্ডাই যেন হয়ে উঠেছে এক টুকরো জীবন্ত ঘটকালির হাট।
উল্লাপাড়া পৌর শহরের ওভারব্রিজের নিচে মুক্তমঞ্চসংলগ্ন ‘সজীবের চায়ের দোকান’ এখন স্থানীয়ভাবে পরিচিত ঘটকদের আড্ডাস্থল হিসেবে। প্রায় তিন বছর ধরে নিয়মিতভাবে এখানে মিলিত হচ্ছেন এলাকার অভিজ্ঞ ও পেশাদার ঘটকেরা। প্রতিদিনের এই আড্ডায় কখনো চারজন, আবার কখনো আট থেকে দশজন পর্যন্ত ঘটক অংশ নেন।
প্রত্যেকের হাতেই থাকে একটি করে চামড়ার ব্যাগ কিংবা ব্রিফকেস। সেই ব্যাগে যত্ন করে রাখা থাকে বিভিন্ন বয়সী পাত্র-পাত্রীর রঙিন ছবি ও জীবনবৃত্তান্ত (বায়োডাটা)। চায়ের কাপে চুমুক দিতে দিতে তাঁরা যেমন নিজেদের পেশাগত অভিজ্ঞতা ভাগাভাগি করেন, তেমনি চলে নানা মজার স্মৃতিচারণ। কখনো নতুন বিয়ের সম্বন্ধ নিয়ে আলোচনা, কখনো আবার পুরোনো কোনো ঘটনার গল্পে জমে ওঠে আড্ডা।
অভিজ্ঞতার ঝুলিতে শত শত বিয়ে
এই আড্ডায় নিয়মিত অংশ নেওয়া ঘটকদের অনেকেরই রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। তাঁদের মধ্যে উল্লাপাড়া উপজেলার মন্ডলজানি গ্রামের শহিদুল ইসলাম অন্যতম। প্রায় ৩৪ বছর ধরে ঘটকালি পেশায় যুক্ত তিনি। এ সময়ে ২৫৮টি বিয়ে সম্পন্ন করিয়েছেন বলে জানান।
সলঙ্গার মাহমুদপুর গ্রামের আমজাদ হোসেন প্রায় ৩০ বছরের পেশাগত জীবনে ২৮০টি বিয়ে দিয়েছেন। এ ছাড়া রামকান্তপুর গ্রামের এম. শহিদুল ইসলাম ১০ বছরে ৮০টি, বেতবাড়ী গ্রামের মো. রেজাউল করিম সাত বছরে ১১৫টি এবং মাগুড়াডাঙ্গা গ্রামের মো. শাহাদত হোসেন গত ছয় বছরে ৫১টি বিয়ে সম্পন্ন করিয়েছেন।
দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে চলেছেন তাঁরা। তাঁদের হাত ধরে নতুন সংসার গড়েছেন অসংখ্য তরুণ-তরুণী। বিনিময়ে পেয়েছেন সাধারণ মানুষের ভালোবাসা ও সম্মান।
নেই নির্দিষ্ট পারিশ্রমিক, মন খুশিই প্রাপ্তি
ঘটকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের ব্যাগে থাকা বায়োডাটার সংগ্রহে রয়েছে বিভিন্ন এলাকার দরিদ্র, মধ্যবিত্ত ও বিত্তশালী পরিবারের অসংখ্য পাত্র-পাত্রীর তথ্য। শুধু অর্থ উপার্জন নয়, অনেকটা সেবামূলক মনোভাব নিয়েই তাঁরা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।
সাধারণত ঘটকালির জন্য তাঁরা নির্দিষ্ট কোনো পারিশ্রমিক দাবি করেন না। বিয়ের আগে কিংবা পরে ছেলে বা মেয়ের পক্ষ থেকে স্বেচ্ছায় যে সম্মানী দেওয়া হয়, তা-ই হাসিমুখে গ্রহণ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে নেই কোনো বাধ্যবাধকতা কিংবা জোরাজুরি।
তবে এই পেশায় রয়েছে নানা বিচিত্র অভিজ্ঞতা। ঘটকেরা জানান, অনেক সময় দুই পরিবারের মধ্যে কথা বলে সম্বন্ধ ঠিক করা থেকে শুরু করে বিয়ে সম্পন্ন করা পর্যন্ত সব দায়িত্ব পালন করলেও বিয়ের অনুষ্ঠানে তাঁদের দাওয়াত দেওয়া হয় না। আবার কখনো বিয়ের আগের দিন কিংবা বিয়ের পর শুভানুধ্যায়ীরা নিজেরাই তাঁদের কাছে সম্মানী পাঠিয়ে দেন।
তবে অর্থের চেয়েও তাঁদের কাছে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। তাঁদের ঘটকালিতে বিয়ে হওয়া কোনো দম্পতি কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে পথে-ঘাটে দেখা হলে অনেকেই এগিয়ে এসে সম্মান ও আন্তরিকতার সঙ্গে কথা বলেন। কেউ কেউ উষ্ণ অভ্যর্থনাও জানান। ঘটকদের ভাষায়, মানুষের এই ভালোবাসা ও সম্মানই তাঁদের দীর্ঘদিনের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
সরকারি চাকরিজীবী পাত্রের চাহিদা বেশি
বর্তমান সময়ে পাত্র-পাত্রী ও অভিভাবকদের পছন্দের বিষয়ে ঘটকেরা জানান, বিয়ের ক্ষেত্রে মেয়েপক্ষ ও অভিভাবকদের কাছে এখনো সরকারি চাকরিজীবী পাত্রের চাহিদা সবচেয়ে বেশি। তবে তাঁরা চেষ্টা করেন দুই পরিবারের সামাজিক অবস্থান, অর্থনৈতিক সামর্থ্য ও পারস্পরিক পছন্দের সামঞ্জস্য বিবেচনায় রেখে সম্বন্ধ মিলিয়ে দিতে।
প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই পাত্র-পাত্রী খোঁজার সুযোগ তৈরি হয়েছে। তবু উল্লাপাড়ার এই চায়ের দোকানের আড্ডা মনে করিয়ে দেয়, বিয়ের মতো সামাজিক বন্ধনে ব্যক্তিগত পরিচয়, বিশ্বাস ও মানবিক যোগাযোগের গুরুত্ব এখনো কমেনি।
ওভারব্রিজের নিচের ছোট্ট চায়ের দোকানটি তাই শুধু চা পান কিংবা আড্ডার জায়গা নয়; প্রতিদিন এখানেই তৈরি হচ্ছে নতুন নতুন সম্পর্কের সম্ভাবনা। এক কাপ চা, হাতে একটি ব্রিফকেস আর বুকভরা অভিজ্ঞতা নিয়ে ঘটকেরা ছুটে চলেছেন নতুন সংসার গড়ার স্বপ্ন পূরণে। প্রযুক্তির যুগেও তাঁদের এই মানবিক উদ্যোগ যেন প্রমাণ করে, সম্পর্কের সেতুবন্ধনে চিরচেনা ঘটকালির আবেদন এখনো ফুরিয়ে যায়নি।


























