ঢাকার সবজিতে সহনীয় মাত্রার আট গুণ সিসা, বিষাক্ত কীটনাশক প্রয়োগের এক দিনেই বাজারে
- প্রকাশের সময় : ০১:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 14

রাজধানীর বাজারগুলোতে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় সীমার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতু এবং জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সাম্প্রতিক পরীক্ষায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে, ঢাকার আশপাশের জেলার কৃষকেরা নির্ধারিত নিয়ম ভেঙে কীটনাশক প্রয়োগের মাত্র এক থেকে দুই দিনের মধ্যেই সবজি তুলে বাজারে পাঠাচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
গবেষণা ও পরীক্ষার ভয়াবহ চিত্র
বিএফএসএর ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে ঢাকাসহ দেশের ১৯টি জেলা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ঢাকার বাজারের শাক-সবজিতে প্রতি মিলিয়নে ১.১৬ থেকে ২.৩৭ ভাগ (পিপিএম) পর্যন্ত সিসা পাওয়া গেছে। শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা ০.৩ পিপিএম হলেও সর্বোচ্চ পাওয়া পরিমাণটি নির্ধারিত সীমার প্রায় আট গুণ। পাশাপাশি ০.৩৩ পিপিএম ক্যাডমিয়াম এবং ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণুও শনাক্ত হয়েছে।
এ ছাড়া পৃথক গবেষণায় লালশাকে প্রতি কেজিতে ৭০৪.৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম পাওয়া গেছে, যেখানে সর্বোচ্চ সহনীয় মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম। আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিতেও ভারী ধাতুর উপস্থিতি মিলেছে, যার মধ্যে লালশাকে দূষণের মাত্রা সবচেয়ে বেশি। জামালপুরের ইসলামপুর ও মেলান্দহের বেগুন ও জমির মাটিতেও সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের আধিক্য পাওয়া গেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বাজারের ৮ থেকে ১২ শতাংশ সবজির নমুনায় বালাইনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় সীমায় পাওয়া গেছে।
মাঠ পর্যায়ের অনিয়ম ও কৃষকদের অসহায়ত্ব
সরেজমিনে সাভারের বিরুলিয়া ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গিয়ে দেখা যায়, কৃষকেরা কোনো সুরক্ষাসামগ্রী ছাড়াই ক্ষেতে কীটনাশক ছিটাচ্ছেন। বিরুলিয়ার কৃষক আব্দুর রাজ্জাক জানান, তিনি সাধারণত কীটনাশক দেওয়ার এক দিন পরই ক্ষেত থেকে চালকুমড়া ও শসা তুলে বিক্রি করেন; বাজারদর ভালো থাকলে আরও দ্রুত ফসল তোলেন। অথচ তার ব্যবহৃত ‘প্রোক্লেম-০৫ এসজি’ কীটনাশকের মোড়কে শেষবার প্রয়োগের পর ৭ থেকে ১৪ দিন অপেক্ষা করার নির্দেশনা রয়েছে।
সাটুরিয়ার কৃষক খালেদুল ও হামিদুর রহমান জানান, ফুলকপি, বেগুন, শালগম ও ঢেঁড়সের মতো আগাম শীতকালীন সবজিতে সপ্তাহে এক থেকে দুবার কীটনাশক দিতে হয় এবং দু-এক দিনের মধ্যেই তা ঢাকায় পাঠানো হয়। উৎপাদন খরচ তুলতে এবং দ্রুত পোকা দমনে তারা কম দামের নিম্নমানের বালাইনাশক ব্যবহারে বাধ্য হন। স্থানীয় এক বিক্রেতা জানান, ভালো ব্র্যান্ডের ২০০ টাকার প্যাকেটে লাভ থাকে ২০ টাকা, কিন্তু নামসর্বস্ব প্রতিষ্ঠানের ১০০ টাকার কম দামের পণ্যে ৩০ থেকে ৪০ টাকা লাভ হওয়ায় এসব পণ্যের বিক্রি বন্ধ হচ্ছে না।
বিশেষজ্ঞদের সতর্কতা ও করণীয়
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিল্লাল হোসেন জানান, কীটনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না মানায় মানুষ দূষিত খাবার গ্রহণ করছে। সিসা ও ক্যাডমিয়াম দীর্ঘদিন শরীরে জমলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের জটিলতাসহ উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এটি শিশুদের মস্তিষ্কের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বলেন, পুরোনো ও বিষাক্ত বালাইনাশক সস্তা হওয়ায় কৃষকেরা তা বেশি ব্যবহার করেন। নিরাপদ ও আধুনিক বালাইনাশকে সরকারি ভর্তুকি দেওয়া হলে কৃষকদের আগ্রহ বাড়বে।
এদিকে, মাঠ পর্যায়ে তদারকির ঘাটতি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, উপজেলা পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণের মতো জনবল তাদের নেই, যা মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব। গবেষকদের মতে, কোনো নির্দিষ্ট সবজি বর্জন না করে বরং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে কার্যকর নজরদারি নিশ্চিত করাই এখন জরুরি।



























