পুলিশের গোপন তথ্য ফাঁসের অভিযোগ, চট্টগ্রাম রেঞ্জের এসপির দুই ফোন জব্দ
- প্রকাশের সময় : ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 63

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন
পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য রাজনৈতিক দলের কাছে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এ বিষয়ে এসপি জাহাঙ্গীর আলমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন রেঞ্জ ডিআইজি। এ সময় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। পরবর্তী সময়ে তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোন দুটি জব্দ করে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনাটি তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অভিযোগের বিভিন্ন দিক যাচাই করে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
এ বিষয়ে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী গণমাধ্যমকে জানান, প্রশাসনিক কিছু বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডাকা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
অন্যদিকে, অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, জব্দ করা মোবাইল ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়েছে। ফোন পরীক্ষায় কোনো ধরনের বার্তা আদান-প্রদান বা অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।
রেঞ্জ পুলিশের একাধিক সূত্রের দাবি, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের কিছু তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত ফোন দুটি জব্দ থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মো. জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফ কার্যালয়ে উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

























