সীতাকুণ্ডে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড
- প্রকাশের সময় : ১১:৪৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 35

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিন ব্যক্তিকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা, কেডিএস সংলগ্ন এলাকায় এ মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক সেবন রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

























