অগ্নিসংযোগ ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রকাশের সময় : ০৮:২৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 43

দেশে নতুন করে শুরু হওয়া ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি’র বিরুদ্ধে শক্ত জবাব দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে সেই সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে নিজেদের আবারও চব্বিশের মতো প্রস্তুত করি। আজ আমি সেই প্রস্তুতির আহ্বান জানাচ্ছি।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্তের ওপারে পালিয়ে গেলেও একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরও বলেন, ‘গত কয়েক দিনে দেখেছেন, পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।’
সীমান্তের ওপারে প্রভুদের খুশি করতে ওই গোষ্ঠী বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা যখন খাল পুনঃখনন করছি, আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। যে দেশে তারা পালিয়ে গেছে, সীমান্তের ওপারে, তারা তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতেই তারা ষড়যন্ত্র করছে।’
গোষ্ঠীটির অপরাজনীতির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশপ্রেমিক জনগণকে এর সমুচিত ও শক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি, যাতে গোষ্ঠীটি আর কখনও দেশ ও দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে কিংবা তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে। মানুষ আর হত্যা, ভোট দখল ও সহিংসতার রাজনীতি চায় না বলেও জানান তারেক রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আর গুম-খুন বা ভোট দখলের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ক্ষমতা ধরে রাখার জন্য শেষ সময়ে তারা ৬০ শিশুসহ ১৪ শ মানুষকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও দেশের মানুষের প্রতি তাদের কোনো কর্তব্য নেই।’
মানুষ এখন নিজেদের ও দেশের নিরাপত্তা, শক্তি ও অগ্রগতি চায় বলেও উল্লেখ করেন তিনি।
সেই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণতন্ত্রের জন্য লড়াই করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডে জড়িতদের স্পষ্ট জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।


























