সহিংসতায় জড়িতদের ধরতে ঢাকায় পুলিশের চিরুনি অভিযান
- প্রকাশের সময় : ১০:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 21

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতা করে রাজধানীতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতা করে রাজধানীতে পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে ঢাকায় ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ।
নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি ও টহল বাড়ানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব তল্লাশিচৌকির মূল লক্ষ্য।
নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে বলেও উল্লেখ করেন নিয়াজ মেহেদী। তিনি আরও বলেন, ইতোমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে থাকা বা পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে শিগগিরই আরও অভিযান চালানো হবে।
অতিরিক্ত উপ-কমিশনার জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিবেচনায় নিয়ে সরকারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগাম নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে সারা দেশে ৫৬৫ জনকে গ্রেপ্তার ও ৬৪টি মামলা করা হয়েছে। নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে ইতোমধ্যে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
এ সময় তিনি আরও জানান, মঙ্গলবার বারিধারা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এবং বুধবার গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক একজন প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

























