জলঢাকায় বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ; দিনেদুপুরে বন্ধ থাকে দোকান
- প্রকাশের সময় : ১০:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 42

নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নে বিসিআইসি সার ডিলার ‘মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা ও নিয়মবহির্ভূতভাবে তৃতীয় পক্ষের কাছে ডিলারশিপ ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় সাধারণ কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালী ইউনিয়নের বিসিআইসি সারের অনুমোদিত ডিলার ‘মেসার্স মুক্তি এন্টারপ্রাইজ’-এর প্রকৃত লাইসেন্সধারী আব্দুল কুদ্দুস চৌধুরী। তবে নিয়মের তোয়াক্কা না করে তিনি নিজে ব্যবসাটি পরিচালনা না করে নীলফামারী সদর ইউনিয়নের এক ব্যক্তির কাছে ডিলারশিপটি ভাড়া দিয়েছেন। ফলে সম্পূর্ণ তৃতীয় এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে এই সার বিক্রয় কেন্দ্রটি।
স্থানীয় কৃষকদের অভিযোগ, এই ডিলার পয়েন্ট থেকে কখনোই নিয়মতান্ত্রিক ও সঠিকভাবে সার বণ্টন করা হয় না। সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার পাওয়ার কথা থাকলেও কৃত্রিম সংকট ও অব্যবস্থাপনার কারণে কৃষকেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
অভিযোগের সত্যতা যাচাইয়ে আজ সরেজমিনে কাঁঠালী ইউনিয়নের ওই ডিলার পয়েন্টে গিয়ে দেখা যায়, দুপুর ২টার দিকে কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই দোকান বন্ধ করে চলে গেছেন ডিলারের প্রতিনিধি। এ সময় ভরদুপুরে সার নিতে এসে দোকান বন্ধ দেখে হতাশ হয়ে ফিরে যান বেশ কয়েকজন কৃষক।
এ বিষয়ে অভিযুক্ত ডিলার আব্দুল কুদ্দুস চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তিনি বলেন, “আপনাদের সমস্যা কী? আমি কাকে দেবো আর না দেবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা এ বিষয়ে কৃষি অফিসারের সাথে কথা বলেন।” এভাবে পুরো বিষয়টির দায় উপজেলা কৃষি অফিসের ওপর চাপিয়ে দিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ডিলারের এমন বেপরোয়া আচরণ ও সরাসরি কৃষি অফিসকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষকদের দাবি, উপজেলা কৃষি অফিসের নিয়মিত তদারকি ও নজরদারির অভাবেই অসাধু ডিলাররা এমন অনিয়ম করার সাহস পাচ্ছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দাদের জোর দাবি, অবিলম্বে তদন্ত সাপেক্ষে ভাড়ায় ব্যবসা পরিচালনাকারী ও অনিয়মে জড়িত এসব ডিলারের লাইসেন্স বাতিল করতে হবে এবং কৃষকদের জন্য সরকারি মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

























