দৈনিক জনতার খবর’-এর ভুয়া কার্ড ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ
- প্রকাশের সময় : ১১:৩৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 52

রাজশাহীর বাঘা উপজেলায় ‘দৈনিক জনতার খবর’-এর নাম ও ভুয়া পরিচয়পত্র (কার্ড) ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে মোঃ আতিক ইসলাম ওরফে সুইট (পিতা: মোঃ মধু) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আতিক ইসলাম ব্যক্তিগত জীবনে এক সময় গার্মেন্টসকর্মী ছিলেন। তবে গত ৩ থেকে ৪ মাস ধরে এলাকায় তাঁর চালচলন ও কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়েছেন এবং তাঁর তিনজন স্ত্রী রয়েছেন।
অভিযোগ রয়েছে, সাম্প্রতিক সময়ে আতিক ইসলাম ‘দৈনিক জনতার খবর’-এর পরিচয় ও ভুয়া কার্ড তৈরি করে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ব্ল্যাকমেইল, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবি করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহলে চরম ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে তাঁর এসব কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয় থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, পুলিশ দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, ‘দৈনিক জনতার খবর’-এর নাম, লোগো বা ভুয়া কার্ড ব্যবহার করে কেউ কোনো ধরনের প্রতারণা, হয়রানি বা চাঁদাবাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
























