যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ
- প্রকাশের সময় : ০৩:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 31

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় ৯৫টি শাড়ি, ২০টি কম্বল, ১৬টি চাদর, ৫০০ গ্রাম জিরা, ১৫ প্যাকেট ফুচকা, ৭ কেজি কিশমিশ, ১ কেজি আমসত্ত্ব, ২৮ পিস চকলেট এবং ৫৭৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধ এবং পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। বিশেষ করে যশোরের বেনাপোল সীমান্তের মতো গুরুত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


























