খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, অভিযোগ
- প্রকাশের সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 40

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম দাবি করেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা তার বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে। একই সঙ্গে বাড়ির দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয়। ওই সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন।
তিনি জানান, আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তার পরিবারের সদস্যরা।
এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ডাকসু ভিপি। তার অভিযোগ, রাজনৈতিকভাবে ভীতি সৃষ্টি ও চাপ প্রয়োগের উদ্দেশ্যে এ হামলার চেষ্টা করা হয়েছে।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও বলেন, এ ধরনের হামলা ও হুমকি দিয়ে তাকে কিংবা জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের দমিয়ে রাখা সম্ভব নয়। বরং এসব ঘটনা তাদের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মন্তব্য করেন তিনি।
তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।


























