ধোবাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০২ বোতল ভারতীয় মদ-বিয়ার উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 28

আফজাল হোসেন শুভ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও বিয়ারসহ দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের বসতবাড়ি থেকে ৯৬ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল ভারতীয় বিয়ারসহ মোট ১০২ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেদিকুড়া গ্রামের আ. খালেকের ছেলে আজিজুল ও হাবিকুল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে এসআই হারুন, এসআই আজিজুল হাসানসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের চলমান তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


























