নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, সিফাতসহ আটক ৯
- Update Time : ০৭:২৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ২০ Time View

নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতা ও মামলা তুলে না নেওয়ার জের ধরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় তারা সড়কে টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের আশ্বাসের পর বেলা পৌনে ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
হত্যাকাণ্ডের নেপথ্য কারণ:
নিহত বুলবুল আহমেদ (৩৫) ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক এবং স্থানীয় একটি রিকশা গ্যারেজের মালিক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় তিনি স্থানীয় কিশোর গ্যাংয়ের মূলহোতা শেখ সিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, ওই মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বুলবুলকে চাপ দিয়ে আসছিল সিফাত বাহিনী। এর জেরে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় তাকে একা পেয়ে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য:
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শেখ সিফাত, তার সহযোগী হোয়াইট জুম্মনসহ মোট ৯ জনকে আটক করেছে। আটকদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




















