ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রিয়াজ গ্রেপ্তার
- Update Time : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ৩২ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক ঝটিকা অভিযানে তিন কেজি গাঁজাসহ মো. রিয়াজ আহমেদ (৩৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন রাধিকা বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজ আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার নবীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মায়ানগর এলাকার মো. উমেদ আলী ও আছিয়া খাতুনের ছেলে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি চৌকস টিম রাধিকা বাজারস্থ ‘ইমরান ফার্নিচার হাউজ’-এর সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় রিয়াজের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে ডিএনসি টিম। পরবর্তীতে দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান জানান, আটক আসামির বিরুদ্ধে উদ্ধারকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় ডিএনসি’র ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. তাজুল ইসলাম বাদী হয়েছেন।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি’র এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















