এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের, প্রশিক্ষণ পাবেন ৫০ হাজার উদ্যোক্তা
- প্রকাশের সময় : ১০:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 43

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। একই সঙ্গে এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরি দাতা হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি জানান, সরকার একটি এসএমই নীতিমালা প্রণয়ন করছে এবং তা শিগগিরই বাস্তবায়ন করা হবে।
এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি ও প্রবেশাধিকার বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অর্থনৈতিক রূপকল্প তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বড় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন সফল উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত ক্যাটাগরিগুলো হলো— বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, এবারের মেলায় সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন।



























