দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রকাশের সময় : ০২:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 38

দেশে যেকোনো ধরনের অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা গুরুতর আহত হয়েও বাহিনীর সদস্যরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাধারণ শ্রমিকেরা নতুন ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে উসকানিদাতারা দু-একটি এলাকায় বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যা কখনোই সফল হবে না। সীমান্তের এপারে কাউকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এর আগে মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন। দায়িত্ব পালনে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আহতদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।
মন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য মাথায় আঘাত ও হাড় ভাঙাসহ গুরুতর জখম হয়েছেন, যাদের অনেকের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। আঘাতজনিত চিকিৎসার গুরুত্ব বিবেচনায় হাসপাতালে অর্থোপেডিক্স ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ বাড়ানো এবং একটি ক্যান্সার ইউনিট খোলার বিষয়েও ইতিবাচক মত দেন তিনি। এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন আহত পুলিশ সদস্য হলেন— ইন্সপেক্টর মো. আবু আলম, দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল এবং মো. রাকিবুল ইসলাম। এদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত রয়েছেন।



























