বেলিফুলের সুবাস
- Update Time : ০১:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৮ Time View

জানিয়াছি, মাটির বুকে তুমি এক মুঠো স্বপ্ন পুঁতিয়া রাখিয়াছ— একখানি বেলিফুলের চারা।
সেই ক্ষণ হইতেই আমি প্রতীক্ষায় পথ চাহিয়া বসিয়া আছি।
শিকড় নামিবে ধীরে ধীরে মাটির গভীরে,
কুঁড়ি জাগিবে আমারই নামে—
ইহা ভাবিতেই অবশ পুলকে বুকখানি কাঁপিয়া উঠে।
আমি সেই পূর্ণিমার রাত্রির কথা ভাবি,
যেদিন শুভ্র বেলিফুলে ভাসিয়া যাইবে আমাদের উঠান।
বাতাস সুরভিত হইয়া উঠিবে, চারিধারে ছড়াইয়া পড়িবে ব্যাকুল মৌ মৌ ঘ্রাণ।
আকাশে চাঁদ উঠিবে সেদিন,
রুপালি আলো সন্তর্পণে গড়াইয়া পড়িবে পাতায় পাতায়;
আর আমি তোমার যত্নে গড়া বাগান হইতে একখানি ফুল তুলিয়া লইব আপন আদরে।
কানের পাশে গুঁজিয়া দিব সেই শুভ্র কুসুম,
দীঘির জলে ফোটা শাপলার মতোই লজ্জায় নত হইয়া আসিবে আমার চোখ।
নাসিকার কাছে তুলিয়া লইব সেই সুবাস,
অনুভব করিব কেমন করিয়া তাহা মিশিয়া যায় অবাধ্য রক্তে,
কেমন করিয়া ছড়াইয়া পড়ে হৃদয়ের নিভৃততম কোণে।
সেই মদির রাত্রি একদিন নামিবে, আমি জানি।
তোমার হাতের বেলিফুল আর আমার এই আজন্ম প্রতীক্ষা—
দুইটি স্বপ্ন মিলিয়া একাকার হইবে একই জ্যোৎস্নার আলোয়,
অনন্তকাল ধরিয়া।





















