মাত্র ১৩ দিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন আইনজীবী বাবা। জীবনের সবচেয়ে বড় সমর্থন
- প্রকাশের সময় : ১১:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 20

মাত্র ১৩ দিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন আইনজীবী বাবা। জীবনের সবচেয়ে বড় সমর্থন ও অনুপ্রেরণার মানুষটিকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বর্ণালী বিশ্বাস।
এরই মধ্যে শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। ফলাফলে গোল্ডেন জিপিএ অর্জন করেছে সে। কিন্তু জীবনের কাঙ্ক্ষিত এই সাফল্যের দিনেও তার মুখে হাসি নেই। আনন্দের মুহূর্তটি বাবার সঙ্গে ভাগ করে নিতে না পারার বেদনায় বারবার অশ্রুসিক্ত হচ্ছে তার চোখ।
বর্ণালী বলেন, ‘আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিলেন বাবা। তিনি সবসময় বলতেন, আমার রেজাল্ট ভালো হবেই। অসুস্থ শরীর নিয়েও বাবা আমাকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে গিয়েছিলেন। আজ আমার সেই কাঙ্ক্ষিত ফলাফল এসেছে, কিন্তু বাবা আর পাশে নেই। ফলাফল প্রকাশের পর বারবার বাবার কথা মনে পড়ছে। খুব ইচ্ছে করছে, আজকের এই সুখবরটা বাবাকে জানাতে, তার মুখে একটু হাসি দেখতে। কিন্তু সেই সুযোগ আর কখনো পাব না।’
















